
ফুলবাড়ীয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১০ নং কালাদহ ইউনিয়নে কাবিটা ও টি আর প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ২৪০ মিটার এইচবিবি রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ। বুধবার (১৩ মে ২০২৬) দুপুরে তিনি সরেজমিনে গিয়ে নির্মাণ কাজের অগ্রগতি, কাজের মান এবং বাস্তবায়ন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এসময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, ১০ নং কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাস্টার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউএনও শহীদুল ইসলাম সোহাগ ফুলবাড়ীয়ায় যোগদানের পর থেকেই নিয়মিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করছেন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “কাবিটা ও টি আর প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন সকল এইচবিবি রাস্তার কাজ ইউএনও মহোদয় নিয়মিত পরিদর্শন করেন। এতে কাজের মান বজায় থাকছে এবং অনিয়মের সুযোগ থাকছে না।” কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাস্টার বলেন, “ইউএনও মহোদয় একজন অভিজ্ঞ, দক্ষ ও মানবিক কর্মকর্তা। তাঁর আন্তরিক তদারকির ফলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।”
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শহীদুল ইসলাম সোহাগ বলেন, “সরকারি উন্নয়নমূলক কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে উন্নয়ন কাজ পরিদর্শন চলমান থাকবে বলে জানিয়েছেন।