নিজস্ব প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুইজনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ীয়া পৌরসভা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসম্মুখে বিরক্তিকর আচরণ করার অপরাধে দুইজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ কার্যকর করতে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী মোবাইল কোর্ট ও আইন প্রয়োগকারী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।