নিজস্ব প্রতিনিধি,ময়মনসিংহ:
“শব্দদূষণ নীরব নয়, সরব ঘাতক“—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় শব্দদূষণ প্রতিরোধ এবং যানবাহনের চালকদের সচেতন করতে ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক স্টিকার বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ীয়া উপজেলা সদরের প্রধান সড়ক, বাসস্ট্যান্ড ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় চলাচলকারী বিভিন্ন বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে “অকারণে হর্ন নয়, ধৈর্য রাখুন” লেখা সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। একই সঙ্গে চালকদের অপ্রয়োজনে হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সচেতনতামূলক এ কর্মসূচির নেতৃত্ব দেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, অহেতুক ও অতিরিক্ত হর্ন বাজানোর কারণে শব্দদূষণ ভয়াবহ আকার ধারণ করছে। এতে শিশু, বয়স্ক, শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। একটি স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই চালকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে চালকদের অহেতুক হর্ন ব্যবহার না করার অনুরোধ জানানো হয় এবং শব্দদূষণ রোধে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালিত হবে।