
ময়মনসিংহ প্রতিনিধি:
ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ময়মনসিংহ জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার সর্বত্র স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) ময়মনসিংহ জেলার সকল উপজেলায় একযোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এরই অংশ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দীন। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; জনসাধারণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতা কোনো প্রাতিষ্ঠানিক বিষয় নয়, বরং এটি প্রত্যেকের দৈনন্দিন জীবনের একটি নিয়মিত চর্চা হওয়া উচিত।
ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ময়মনসিংহবাসীকে নিজ নিজ বাড়ি, আঙিনা, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।


