
নিজস্ব সংবাদদাতা :
সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় মুক্তাগাছা উপজেলা কৃষি অফিসের সহায়তায় ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. বিকালে আটানি বাজারের সার পট্টিতে মুক্তাগাছা উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়৷ এ সময় “মুক্তাগাছা বীজ ভান্ডার” নামক দোকানে টিএসপি, এমওপি এবং জীপসাম সারের অননুমোদিত মজুত পাওয়া যায় এবং ঐ দোকানের প্রোপাইটর জনাব রনি (৩০) এর অনুকূলে কোনো সার ডিলার লাইসেন্স না থাকায় সার জব্দ করা হয়৷ পাশাপাশি, অভিযানে পরিবেশের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়।
অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় সতর্কতামূলকভাবে অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়৷
সরকার প্রান্তিক চাষীদের নিকট সার পৌঁছে দেওয়ার লক্ষ্যে সার ব্যাবস্থাপনা আইন, ২০০৬ এর বিধান মোতাবেক প্রতি ইউনিয়নে ০৬ জন খুচরা সার ডিলার নিয়োগ করেছে৷ সারের সুষ্ঠু বন্টনের জন্য শুধু ডিলারদের মাধ্যমেই সার বাজারজাত করা হচ্ছে, যাতে মধ্যস্বত্বভোগী কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সার মজুদ করে কৃত্তিম সংকট তৈরি করতে না পারে৷
অভিযানে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা ও মুক্তাগাছা থানা পুলিশ সদস্যের টিম৷ ভ্রাম্যমাণ আদালত জানান, জনস্বার্থে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




