
ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন এবং আইন লঙ্ঘনের অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে ঝুমা বেকারি লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর অনুমোদন ছাড়া লোগো ব্যবহার, ইচ্ছামাফিক মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুত করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়।
এসব অপরাধে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে সকল ব্যবসায়ীকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানানো হয়েছে।