ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৈয়ারচালা-কালাদহ-শুইশুতি হয়ে বাবুগঞ্জ বাজার পর্যন্ত সড়কে অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীসহ সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর পক্ষ থেকে সচেতন নাগরিক মোঃ এস এম হান্নান জানান, গত পবিত্র রমজান মাস থেকে অদ্যাবধি ফুলবাড়ীয়া-নছর দোকান-কৈয়ারচালা শান্তির বাজার-কালাদহ-শুইশুতি সড়ক হয়ে বাবুগঞ্জ বাজার পর্যন্ত প্রতিদিন বিপুলসংখ্যক ১০ চাকার ভারী যানবাহন চলাচল করছে। এসব যানবাহনে বালু, সিমেন্টসহ নির্মাণসামগ্রী পরিবহন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয়দের দাবি, বাবুগঞ্জ বাজার এলাকায় অবস্থিত নারিশের একটি কারখানার নির্মাণকাজে ব্যবহারের জন্য এসব নির্মাণসামগ্রী পরিবহন করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর ভারী যানবাহনের চলাচল আরও বেড়ে যায় এবং স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫০টিরও বেশি ভারী যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে।
অভিযোগ রয়েছে, অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের ফলে নছর দোকান থেকে বাবুগঞ্জ বাজার পর্যন্ত নবনির্মিত পাকা সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের দুই পাশ ধসে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ যাতায়াত করেন। সড়কের বর্তমান পরিস্থিতির কারণে তাদের সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে দুর্ভোগ আরও বাড়ছে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট সরেজমিন তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জনস্বার্থে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা বলেন, সড়কটি নতুন নির্মাণের পর অল্প সময়ের মধ্যেই যদি অতিরিক্ত ভারী যানবাহনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে সরকারি অর্থে নির্মিত অবকাঠামোর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।