
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পাটিরা বাজার এলাকায় ১৯৯৪ সালে ক্রয় করা জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তিন লাখ টাকা দাবি, সরকারি চাকুরির ক্ষতি করার হুমকি ও প্রাণনাশের ভয় দেখানোর অভিযোগ করেছেন জমির মালিকের পরিবারের সদস্যরা। ভুক্তভোগী ক্রয়মূলে জমির মালিক কাসেম জানান আমি প্রায় ৩৪ বছর আগে জমি ক্রয়পূর্বক ভোগদখল করে আসছি। হঠাৎ কয়েকজন কুচক্রী মহল অবৈধভাবে আমার জমি দাবি করে এবং আমাকে বিভিন্ন ভাবে মিথ্যা অভিযোগে হয়রানি করে আসছে। আমি সরকারের নিকট বিচার চাই।
ভুক্তভোগী কাসেম আলীর ছেলে আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, তাঁর পরিবারের দীর্ঘদিন আগে ক্রয় করা জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। তাঁর অভিযোগ, স্থানীয় রাজিব হোসেন, রাকিব হোসেন, মোবারক হোসেন, নজরুল ইসলাম (বাবুল মেম্বার), শিল্পী আক্তার ও দুলাল মিয়া তাঁদের কাছে তিন লাখ টাকা দাবি করছেন। দাবিকৃত টাকা না দিলে তাঁর সরকারি চাকরির ক্ষতি করা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরাতন ভিডিও ছড়িয়ে মানহানি করার অভিযোগ করেন।
আলমগীর হোসেনের দাবি, ১৯৯৪ সালে তার বাবা কাসেম আলীর ক্রয় করা জমি নিয়ে এমন পরিস্থিতিতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এ ঘটনায় কাসেম আলী ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।


