নিজস্ব প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পল্লী বিদ্যুতের সেবায় নানা অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় সাধারণ গ্রাহকদের দাবি, একদিকে ঘন ঘন লোডশেডিং ও নিম্নমানের বিদ্যুৎ সরবরাহের কারণে তারা দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা তাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, স্বল্প বিদ্যুৎ ব্যবহার করেও অনেক গ্রাহকের নামে অস্বাভাবিক পরিমাণ বিল নির্ধারণ করা হচ্ছে। কেউ কেউ জানান, মাত্র কয়েকটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করলেও তাদের নামে কয়েক হাজার টাকা থেকে ১০-১৫ হাজার টাকা পর্যন্ত বিল এসেছে। এসব বিলের বিষয়ে আপত্তি জানাতে গিয়ে অনেককে নানা জটিলতা ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজন গ্রাহক অভিযোগ করে বলেন, অতিরিক্ত বিল পরিশোধ না করায় তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে জরিমানা ও বকেয়া বিল পরিশোধ করে পুনরায় সংযোগ নিতে বাধ্য হয়েছেন তারা।
এদিকে, উপজেলার বিভিন্ন মহলে আলোচনা রয়েছে যে কিছু বড় শিল্প-কারখানা ও মিল-ফ্যাক্টরিতে বিশেষ সুবিধার মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যেখানে সাধারণ গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।