Oplus_131072
নিজস্ব প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান শহীদস্মৃতি স্কুল অ্যান্ড কলেজ সংশ্লিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়া মৌজার হাল দাগ নং ৪৩৩৬-এর ৩.৫ (সাড়ে তিন) শতাংশ ‘কান্দা’ শ্রেণির জমি সাফ-কাওলা মূলে ক্রয় করেন ফুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী ও মিষ্টি দোকানদার মোঃ সাইদুল ইসলাম, সাং জোরবাড়িয়া।
জমিটির পূর্ব মালিক ছিলেন আব্দুল লতিফ।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উক্ত জমি ক্রয়-বিক্রয়ের পর থেকে সাইদুল ইসলাম ভোগদখলে রয়েছেন। তবে সম্প্রতি জমিটি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী বাদী বীনা আক্তার সাংবাদিকদের জানান, গত ২০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ১০টার দিকে রঞ্জু মাস্টারের নেতৃত্বে জহিরুল মাস্টার, কামরুল মাস্টার, শাহাদাত হোসেন খান, মকবুল হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি উক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে একটি সাইনবোর্ড স্থাপন করেন এবং জমির চারপাশে নির্মিত বাউন্ডারি ভেঙে ফেলেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় আব্দুল লতিফের স্ত্রী বীনা আক্তার ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।