MBN24 :
ফুলবাড়ীয়ায় তরুণ উদ্যোক্তা রুবেল রানার কারখানা গোডাউনে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা! চেয়েছেন সরকারের সহযোগিতা।
ময়মনসিংহের উপজেলার বাক্তা বাজার সংলগ্ন কালনাজানি এলাকায় অবস্থিত মেসার্স মীম এন্টারপ্রাইজের একটি কারখানা গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তরুণ উদ্যোক্তা মোঃ রুবেল রানার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ২৫ মে ২০২৬ সোমবার দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে হঠাৎ করেই গোডাউনটিতে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে বিদ্যুৎ অফিসকে খবর দিয়ে সংযোগ বন্ধের ব্যবস্থা করেন। পরে পাশের পুকুর থেকে পানি এনে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোডাউনে থাকা চার্জার, চাইনিজ হর্ন, সিটসহ অটোরিকশার বিভিন্ন ডেকোরেশন সামগ্রী পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা মোঃ রুবেল রানা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তিনি ইজিবাইক ও অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ ও ডেকোরেশন সামগ্রী তৈরি করে আসছিলেন। তার এই কারখানা গোডাউনে নিয়মিত ৭ জন শ্রমিক কাজ করতেন। এই প্রতিষ্ঠানটি ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন।
তিনি বলেন, “প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সামনে ঈদ, শ্রমিকদের বেতন কিভাবে দিবো বুঝতে পারছি না। ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া আছে। আমার স্বপ্ন পুড়ে গেছে।”
তিনি আরও জানান, সরকারের সহযোগিতা পেলে পুনরায় কারখানাটি চালু করতে পারবেন এবং শ্রমিকদের কর্মসংস্থান আবারও নিশ্চিত করা সম্ভব হবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করা হয়। এছাড়াও সাব-ইন্সপেক্টর আশরাফুলের নেতৃত্বে একটি মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো শ্রমিক হতাহত হয়নি। ঈদ উপলক্ষে সরকারি নিয়ম অনুযায়ী কারখানায় ছুটি চলছিল বলে জানা গেছে।
কারখানার শ্রমিকরাও সরকারের কাছে উদ্যোক্তা রুবেল রানার জন্য সহযোগিতা কামনা করেছেন, যাতে দ্রুত প্রতিষ্ঠানটি পুনরায় চালু হয়ে তাদের কর্মসংস্থান ফিরে আসে।