MBN24 : নালিতাবাড়ী,শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি মোটরসাইকেল ও একটি চাইনিজ কুড়ালসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৪। রোববার (৪ জানুয়ারি) ভোরে নালিতাবাড়ী সীমান্ত সড়কের বারোমারী মিশন বটতলা এলাকায় সোয়াইবা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের পূর্ব পাশে নাকুগাঁও-টু-মধুটিলা গামী পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃতরা হলেন নালিতাবাড়ী উপজেলার দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ এবং সমশ্চুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)। র্যাব জানায়, নালিতাবাড়ী উপজেলার সীমান্ত সড়কে ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। অভিযানে দুইজন মাদক কারবারির কাছ থেকে ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি সুজকি ১৫০ সিসি মোটরসাইকেল ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা এবং মোটরসাইকেলের মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। আটক আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।