
নিজস্ব সংবাদদাতা :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি পুলিশ, এসআরবি ও আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। পাশাপাশি দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা সম্ভব হবে।
তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য অটুট রেখে সবার অংশগ্রহণে উৎসব নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


