
নিজস্ব সংবাদদাতা :
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র অতিথি গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে চূড়ান্তভাবে চারটি গবেষণা প্রস্তাব নির্বাচন করা হয়েছে। পিআইবির একজন প্রতিনিধি ও দুটি বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপককে নিয়ে তিন সদস্য বিশিষ্ট জুরি বোর্ড গঠন করা হয়। জুরি বোর্ড তিন স্তরের কঠোর মূল্যায়ন, সাক্ষাৎকার ও উপস্থাপনা শেষে ১৭১টি প্রস্তাবের মধ্য থেকে এই চারটি বিষয়কে চূড়ান্ত করা হয়। নির্বাচিত গবেষকবৃন্দ আগামী ছয় মাসের মধ্যে তাদের গবেষণা কর্ম সম্পন্ন করবেন এবং গবেষণা বৃত্তি হিসেবে প্রত্যেকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদান পাবেন।
চূড়ান্তভাবে গৃহীত গবেষণা প্রস্তাব ও গবেষকবৃন্দ হলেন:
● তাশাহুদ আহমেদ রাফিম (শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়): “আন্তর্জাতিক পরিসরে জুলাই গণঅভ্যুত্থানের চিত্রায়ন: দক্ষিণ এশীয় গণমাধ্যমের তুলনামূলক বিশ্লেষণ।”
● নাঈমুল হাসান (অ্যাসোসিয়েট প্রফেসর, ফিলিপ মেরিল কলেজ অব জার্নালিজম, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র): “বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রশ্নে গণমাধ্যমের ভূমিকা: একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ (২০০৯-২০২৪)।”
● মীর হুযাইফা আল মামদূহ (গবেষক, দৃক ট্রাস্ট): “টিকটক ও ডিজিটাল শ্রেণিগত বিভাজন: প্রান্তিকতার অভিজ্ঞতা।”
● মুহাম্মদ মুযযাম্মিল হক (শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়): “সংকটকালীন তথ্যপ্রবাহ ও ডিজিটাল অ্যাক্টিভিজম: ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে নিউ মিডিয়ার ব্যবহার ও বাস্তবতা।”
উল্লেখ্য, পরিবর্তনশীল গণমাধ্যম, সাংবাদিকতা, ভুয়া-তথ্য, মিস/ডিজ-ইনফরমেশন, ডিজিটাল সাংবাদিকতা, গণমাধ্যম ও ইতিহাসের বয়ান এবং গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মতো সমসাময়িক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ২০২৫ সালের ২৬ আগস্ট দেশের চারটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছিল।
নির্ধারিত সময় ২০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে দেশ-বিদেশ থেকে মোট ১৭১টি গবেষণা প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে প্রস্তাবের কাঠামো, বিষয়বস্তু ও বাজেট মূল্যায়নের ভিত্তিতে প্রাথমিকভাবে ৬০টি গবেষণা প্রস্তাব বাছাই করা হয়। পরবর্তী ধাপে জুরি বোর্ড মান যাচাইয়ের ভিত্তিতে প্রাথমিকভাবে ২১টি গবেষণা প্রস্তাব বাছাই করেন। শেষ ধাপে বাছাইকৃত ২১টি প্রস্তাব থেকে ১২টি প্রস্তাবের সংক্ষিপ্ত তালিকা (শর্ট লিস্ট) তৈরি করে গবেষকদের সাক্ষাৎকার ও উপস্থাপনা মূল্যায়নের মাধ্যমে এই চূড়ান্ত ৪টি প্রস্তাবকে নির্বাচন করা হয়।
জুরি বোর্ড প্রথমে প্রস্তাব যাচাই করে, এরপর সাক্ষাৎকার নেয় এবং সবশেষে নম্বর যোগ করে চূড়ান্ত তালিকা তৈরি করে। পাঁচটি প্রস্তাব নেওয়ার পরিকল্পনা থাকলেও মানগত কারণে চারটির বেশি চূড়ান্ত করা যায়নি। শীঘ্রই নির্বাচিত গবেষকদের গবেষণা বৃত্তির প্রথম কিস্তি দেওয়া হবে এবং প্রত্যেককে একজন সুপারভাইজারের সঙ্গে যুক্ত করা হবে। যোগাযোগের জন্য: গোলাম মুর্শেদ, সিনিয়র রিসার্চ অফিসার, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)ফোন: +8801558102383,
ইমেইল: pibmurshed@gmail.com


