ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৭ নম্বর বাক্তা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে স্থানীয়দের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন ময়মনসিংহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক মিলন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ ইমদাদুল হক মিলন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের অংশের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও জনসমর্থন রয়েছে বলে জানা গেছে।
চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
মোঃ ইমদাদুল হক মিলন বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। দল যদি আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দেয় এবং জনগণের সমর্থন পাই, তাহলে বাক্তা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের সেবা এবং এলাকার সামাজিক পরিবেশকে আরও সুন্দর করার লক্ষ্যে কাজ করার প্রত্যাশা রয়েছে।”
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি তিনি শ্রদ্ধাশীল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি ও আদর্শ অনুসরণ করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান।
এদিকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। তবে দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।
মোঃ ইমদাদুল হক মিলন বাক্তা ইউনিয়নবাসীর কাছে তার জন্য দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।