নিজস্ব প্রতিবেদক: জন্মদিন মানেই শুধু আনন্দ-উচ্ছ্বাস নয়; কখনো কখনো এই দিনটি জীবনের হিসাব-নিকাশ ও আত্মসমালোচনারও উপলক্ষ হয়ে ওঠে। জীবনের আরও একটি বছর পেরিয়ে নতুন অধ্যায়ে পা রাখার দিনে এমনই উপলব্ধি ও কৃতজ্ঞতার কথা জানিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী রাজিব হোসাইন সাদ্দাম।
শনিবার ৩৫ তম জন্মদিনে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, সময়ের স্রোতে জীবনের আরও একটি বছর ঝরে গেল। ইহকাল ও পরকালের জন্য জীবনের এই পথচলায় কতটুকু অর্জন করতে পেরেছেন কিংবা মানুষের জন্য কতটুকু রেখে যেতে পেরেছেন—সেটিই এখন তাঁর কাছে বড় প্রশ্ন।
তিনি বলেন, জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তাঁর পিতামাতার দোয়া, পরিবারের ভালোবাসা এবং অসংখ্য মানুষের আন্তরিকতা। সবসময় একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর এবং মানুষের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও এই প্রচেষ্টা আমৃত্যু ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জন্মদিনে বিভিন্ন মাধ্যমে যারা শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা জানিয়েছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মানুষের এই ভালোবাসা তাঁর কাছে কোনো উপহারের চেয়ে কম নয়; বরং এটি তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন।
তিনি তাঁর পিতামাতা, ভাই-বোন, পরিবার ও আপনজনদের জন্য সবার কাছে বিশেষভাবে দোয়া কামনা করেন। আল্লাহ তায়ালা যেন তাঁদের সুস্থতা, শান্তি ও দীর্ঘ নেক হায়াত দান করেন এবং তাঁকে তাঁদের খেদমত করার তৌফিক দেন—এমন দোয়াও প্রার্থনা করেন তিনি।
নিজের জন্যও সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, জীবনের বাকি সময়টুকু যেন বিনয়ের সঙ্গে, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে এবং দুনিয়ার মোহের পরিবর্তে আখিরাতের প্রস্তুতিতে কাটাতে পারেন।
তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা যেন আমৃত্যু মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের উপকারে আসার এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকার তৌফিক দান করেন।
জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “জন্মদিনে আনন্দের চেয়ে আজ কৃতজ্ঞতাই বেশি—আলহামদুলিল্লাহ, আরও একটি বছর বেঁচে থাকার জন্য।”
শেষে তিনি সবার দোয়া ও ভালোবাসা কামনা করে বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের ভালোবাসা ও দোয়াকে সঙ্গে নিয়ে পথ চলতে চান।