মোঃ শরিফুল ইসলাম, ফুলবাড়ীয়া প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) থেকে ১৮ আগস্ট ২০২৬ পর্যন্ত উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, ফুলবাড়ীয়া, ময়মনসিংহের আয়োজনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ র্যালি অনুষ্ঠিত হয়। এবারের মৎস্য পক্ষের প্রতিপাদ্য— “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।”
র্যালিতে নেতৃত্ব দেন অনুষ্ঠানের সভাপতি ফুলবাড়ীয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ কামরুল হাসান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব এবি সিদ্দিক, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ.কে.এম. শমসের আলী, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে মৎস্য খাতের গুরুত্ব, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষিদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য খামারি, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় বক্তারা নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং মৎস্যচাষিদের স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ফুলবাড়ীয়ায় মৎস্যচাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মৎস্য খাতের উন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।