নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও স্মার্টফোনের অপব্যবহার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরুকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান-এর নির্দেশনায় এ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল হাসান।
মতবিনিময় সভায় ওসি রাশেদুল হাসান বলেন, “জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং স্মার্টফোনের অপব্যবহার রোধে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় বরুকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মাদকের কুফল এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তারা আরও বলেন, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এমন কর্মসূচি আয়োজন করা হলে শিক্ষার্থীরা সচেতন হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
সচেতন মহলের মতে, শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে পুলিশ প্রশাসনের এ উদ্যোগ প্রশংসনীয় এবং সময়োপযোগী।