মোঃ শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি ও দালাল চক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২০ জুন) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট চলাকালে হাসপাতালের চিকিৎসকের চেম্বারে অবস্থান করে রোগীদের বিভিন্নভাবে হয়রানি এবং দালালি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী তাকে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাধারণ রোগীদের হয়রানি বন্ধ এবং স্বাস্থ্যসেবার পরিবেশ স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন সকলকে দালালমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।