
নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্যগণ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জনাব জি এম আজিজুর রহমান, রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ। এছাড়া, অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ, এএসপি প্রবেশনারদের অভিভাবকবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুচকাওয়াজে বেস্ট ইন ফিল্ড অ্যাকটিভিটিজ পুরস্কারে ভূষিত হয়েছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া, বেস্ট শ্যুটার হওয়ার গৌরব অর্জন করেছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব এ বি এম মামুন ও বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন জনাব আবু নুমান মোহাম্মদ খায়রুল ইসলাম। সকল বিষয়ে সেরা তথা বেস্ট প্রবেশনার হয়েছেন সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া।
২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ ১ম পর্যায়ের ৫৭ জন এবং ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজনসহ মোট ৫৮ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।