
মোঃ শাহিন, নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান এলাকায় শনিবার (৩০ মে ২০২৬) বিকেলে রাইজিং স্টার ক্লাবের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা রাজিব হোসাইন সাদ্দাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে পরিচালিত করতে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, পুটিজানা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রমে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাকে ঘিরে স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।
খেলা শেষে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন।