
স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৩ মে ২০২৬, শনিবার বিকেলে “দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল” প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগ্রামী জীবন, মানবতাবাদী দর্শন এবং বাঙালি সংস্কৃতিতে তাঁর অবদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নজরুলের সাহিত্য চেতনা জাতি গঠনে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যত প্রজন্মকেও তা ধারণ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তারা নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, বিদ্রোহী কবিতার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান এবং তাঁর সাহিত্যিক অবদানকে স্মরণ করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা ও ত্রিশাল উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় পুরো অনুষ্ঠানস্থল ছিলো উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।
তিন দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত পরিবেশনা, কবিতা পাঠ, চিত্র প্রদর্শনী এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নানা আয়োজন।
স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নজরুলের স্মৃতি বিজড়িত ত্রিশালে এই আয়োজন প্রতি বছরের মতো এবারও ব্যাপক সাড়া ফেলেছে এবং দেশব্যাপী নজরুল চর্চাকে আরও সমৃদ্ধ করবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার ত্রিশালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মহোদয়ের সানুগ্রহ উপস্থিতি এবং বিভিন্ন আয়োজনে অংশগ্রহণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে প্রকাশিত দুটি নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীকে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর আঁকা নজরুল চিত্রকর্ম উপহার প্রদান করা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকচিত্র উপহার প্রদান। মাননীয় প্রধানমন্ত্রী আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন।
অনুষ্ঠান আয়োজন করেন জেলা প্রশাসন, ময়মনসিংহ।
সহযোগিতায় করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানটি ঘিরে ত্রিশাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।