
ময়মনসিংহ প্রতিনিধি : পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের গৃহীত দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের এর দরিয়ারপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ মে ২০২৬) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
উদ্বোধন শেষে তিনি খালপাড়ে একটি বৃক্ষ রোপণ করেন। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। খাল ও জলাধার পুনরুদ্ধারের মাধ্যমে স্থানীয় কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন অবহেলিত খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, ভূগর্ভস্থ পানির স্তর সংরক্ষণে সহায়তা করবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বৈলর খালটি দীর্ঘদিন ভরাট ও নাব্যতা সংকটে থাকায় কৃষিকাজ ও পানি প্রবাহে নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার কৃষি, মৎস্য ও পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।