ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অমৃত দেব নাথ। আজ ২০ মে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে তা ভালোভাবে যাচাই-বাছাই করে সঠিক তথ্য তুলে ধরা উচিত। প্রশাসন ও সাংবাদিকরা সমন্বিতভাবে কাজ করলে সমাজের যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব এবং এতে তথ্য বিভ্রাট এড়ানো যায়।”
মতবিনিময় সভায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়ন, হাটবাজার এবং আসন্ন ঈদুল আজহা (কোরবানি) কালিন সময়ে দ্রুত বর্জ্য অপসারণ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনও প্রথমে সাংবাদিকদের বিভিন্ন মতামত ও এলাকার নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় উপজেলার ৫টি প্রেসক্লাবের নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে প্রশাসনের সামনে নিজেদের বক্তব্য ও নানা পরামর্শ তুলে ধরেন। মতবিনিময়ে অংশ নেন: ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জনাব আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু। বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী শাখার সভাপতি খন্দকার আলপ্তগীন (স্বপন) এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন (মুকুল)। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ. এস. খোকন এবং সাধারণ সম্পাদক এফ কে আশিক। ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।ভূরুঙ্গামারী ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার উন্নয়নে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।