ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা উপজেলার পুঁটিজানা ইউনিয়ন এলাকায় সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছেন তরুণ ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন খান। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন উন্নয়ন ও সহায়তামূলক কাজ করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছরে তিনি ব্যক্তিগত উদ্যোগে এবং প্রবাসে অবস্থান করেও কয়েকটি অসচ্ছল পরিবারের জন্য বসতঘর নির্মাণে সহায়তা করেছেন। পাটুলী গ্রামের বাসিন্দা মোছাঃ হেপ্পী আক্তার বলেন,“আগে অনেক কষ্টে ছিলাম। এখন থাকার মতো একটি ঘর হয়েছে, এটি আমাদের জন্য অনেক বড় স্বস্তি।”বরখিলা এলাকার স্থায়ী বাসিন্দা ও উপজেলা বিএনপির নেতা শামসুর রহমান সুমন জানান, সাদ্দাম হোসেন খানের প্রতিষ্ঠানে স্থানীয় কয়েকজন তরুণ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এছাড়াও তিনি নিজস্ব উদ্যোগে অর্ধশতাধিক যুবককে বিদেশে পাঠিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বলে দাবি করেন তিনি। সাদ্দাম ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত কামাল হোসেন বলেন,“এখানে কাজ পাওয়ার ফলে পরিবারের খরচ চালাতে পারছি।”সরেজমিনে কেশরগঞ্জ বাজারে অবস্থিত ‘সাদ্দাম ডায়াগনস্টিক সেন্টার’ ঘুরে দেখা যায়, সেখানে নিয়মিত রোগীদের উপস্থিতি রয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা যায়। স্থানীয়দের মতে, তিনি নিজ উদ্যোগে এলাকার কয়েকটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারেও সহায়তা করেছেন। তবে এসব কার্যক্রমে কোনো সরকারি প্রকল্প বা বরাদ্দ ছিল কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।পুঁটিজানা ইউনিয়নের এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন,“ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত সামাজিক কর্মকাণ্ড এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে। তবে এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে টেকসই করতে সরকারি ও প্রাতিষ্ঠানিক সমন্বয় প্রয়োজন।”এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাদ্দাম হোসেন খানকে চেয়ারম্যান পদে দেখতে চাওয়ার আলোচনা স্থানীয়ভাবে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থিতা ঘোষণা করেননি। এ প্রসঙ্গে সাদ্দাম হোসেন খান বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। মানুষের মতামত ও পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”