MBN24 :
ময়মনসিংহের গফরগাঁও ও গৌরীপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে গৌরীপুর বায়রাউড়া গ্রামে ও গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পূর্ব কোনাপাড়া গ্রামের রহমত আলী উজ্জল (৪০) ও গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের সেকান্দর আলীর ছেলে মমতাজ আলী (৫৭)। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমত আলী পাশের বায়রাউড়া গ্রামে ধান কাটতে যান।
এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে ওঠে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। অন্যদিকে, গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ধাইরগাঁও গ্রামে আকাশে মেঘ দেখে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন মমতাজ আলী নামে এক কৃষক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় প্রশাসন ও স্বজনদের পক্ষ থেকে ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে, এবং সবাইকে খারাপ আবহাওয়ার সময় মাঠে কাজ করা বা বাইরে অবস্থান করা থেকে বিরত থাকার জন্য বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে।