MBN24 :
প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান-কে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এ খাতের কর্মীরা এখনও প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থেকে নানা অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এই প্রেক্ষাপটে সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা হলেও অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক সংকটে ভোগেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে, যাতে তারা সম্মানজনক জীবনযাপন করতে পারেন।
গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়নের কাজ করছে বলেও জানান তিনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সমাজের মেধাবী ও প্রতিভাবান মানুষদের ধরে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অপরিহার্য।
এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মন্ত্রী এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
অনুষ্ঠানে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন উপস্থিত ছিলেন।