MBN24 : ঢাকা, ১২ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার): আজ (১২ মার্চ ২০২৬) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান, বীর উত্তম, এনডিসি, পিএসসি (অব:) বক্তব্য প্রদান করেন এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি তাঁর বক্তব্যে উপস্থিত সকল অতিথিবৃন্দকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সেনাবাহিনীর সূচনালগ্নে তাঁদের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।