Oplus_131072

MBN24 :
৪ মার্চ ২০২৬, বুধবার সকাল আনুমানিক ১০টায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় BRAC-এর একটি কর্মসূচি পরিদর্শন করেন বিএনপি নেতা তারেক রহমান-এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত ‘ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম’-এর আওতায় অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে তিনি অংশ নেন।
এ সময় বৈঠকে ১ জন প্রতিবন্ধীসহ ৫ সদস্যের একটি উপকারভোগী দলের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন জাইমা রহমান। কর্মসূচির অগ্রগতি, জীবিকা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতার অভিজ্ঞতা সম্পর্কে তাদের কাছ থেকে বিস্তারিত শোনেন তিনি। উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ-এর কন্যা ও ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টিইউপিএ) প্রোগ্রাম দেশের চরম দরিদ্র পরিবার—বিশেষ করে নারীদের—২৪ মাসের নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসার একটি বিশ্বস্বীকৃত উদ্যোগ। এই কর্মসূচির আওতায় সম্পদ স্থানান্তর (যেমন গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকালে উপকারভোগী নারীদের জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প সরাসরি শোনেন জাইমা রহমান এবং তাদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার অগ্রযাত্রাকে সাধুবাদ জানান।