MBN24 :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলি ইউনিয়ন পরিষদে ‘ফ্যামিলি কার্ড’ করার নামে প্রতিটি আবেদন থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রজ্ঞাপন বা লিখিত নির্দেশনা জনসম্মুখে প্রকাশ হয়নি বলে দাবি করেছেন একাধিক সচেতন নাগরিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবেদনকারীদের কাছ থেকে ‘ফ্যামিলি কার্ড’ প্রস্তুতের খরচ হিসেবে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন সরকারি অনুমোদন বা সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া এ ধরনের কার্যক্রম কীভাবে শুরু হলো
উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, যদি এটি সরকারের কোনো উদ্যোগ হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া। অন্যথায় সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের বিষয়টি অনিয়ম হিসেবে বিবেচিত হতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত সত্য তথ্য জনগণের সামনে উন্মোচন করা হোক।