
নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩ তম আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ (রবিবার) দুপুর ০২:৩০ ঘটিকায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।
স্পীকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এমপি; সরওয়ার জামাল নিজাম, এমপি; এ, ই, সুলতান মাহমুদ বাবু, এমপি; মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; এস কে আজিজুল বারী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মীর আহমাদ বিন কাসেম, এমপি; সানসিলা জেবরিন, এমপি এবং রোকেয়া বেগম, এমপি।
স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি আগামী ০৫-০৯ অক্টোবর তাঞ্জানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আগামী ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে। উল্লেখ্য, আইপিইউ সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর স্পীকার দেশে ফিরে আসবেন।


