
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহ (বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি: )-
ময়মনসিংহে সর্বজনীন পেনশন মেলা আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহান উপস্থিত ছিলেন।
সর্বজনীন পেনশন কর্মসূচির প্রচার এবং দেশের সর্বস্তরের নাগরিককে এ কর্মসূচির আওতায় আনতে এ মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন মেলার আয়োজন করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। সভায় জানানো হয়, আগামী ৬ অক্টোবর সকাল ৯টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সর্বজনীন পেনশন মেলা শুরু হবে। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্টানের স্টল থাকবে। এসব স্টলগুলোতে সর্বসাধারণের জন্য সর্বজনীন পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশন ও পেনশন স্কিমের অর্থ জমা দেওয়ার সুযোগ থাকবে। আর্থিক লেনদেনের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক, মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (বিকাশ, নগদ) এবং এনজিও ও ব্যাংকের পৃথক বুথ থাকবে।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মজীবন শেষে কোনো না কোনো আর্থিক সুবিধা পেয়ে থাকেন। কিন্তু সমাজের অনেক মানুষ রয়েছেন, যাদের বার্ধক্যে আর্থিক নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। সর্বজনীন পেনশন স্কিম তাদের ভবিষ্যৎ জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, আগামী ৬ তারিখে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে একটি বিশেষ কর্মসূচি ও মেলার আয়োজন করা হবে। মেলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্টল থাকবে এবং সাধারণ মানুষকে এ স্কিম সম্পর্কে তথ্য দিতে বুকলেট ও অন্যান্য প্রচারসামগ্রী সরবরাহ করা হবে।
বিভাগীয় কমিশনার জানান, দেশের সব শ্রেণি-পেশার মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোস্তফা/নারায়ণ/মাসুদ/রিদওয়ান/রেজভী/২০২৬/১৪:০০ঘটিকা


