ময়মনসিংহ প্রতিনিধি:
“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস ও ময়মনসিংহ সদর উপজেলার আয়োজনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “স্কাউটরা দেশের কাজে সদা প্রস্তুত থাকে। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমরা যেভাবে নিজেদের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ঠিক সেভাবেই দেশকেও নিজেদের ঘর মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”
তিনি আরও বলেন, “পলিথিন আমাদের শত্রু। তাই পলিথিনমুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা স্কাউট ভবন থেকে পরিচ্ছন্নতা অভিযানটি শুরু হয়। পরে এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকার বিভিন্ন সড়ক ও আশপাশে অভিযান পরিচালনা করা হয়।
এতে বাংলাদেশ স্কাউটসের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। অভিযানে অংশগ্রহণকারীরা সড়ক ও আশপাশের এলাকা থেকে ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত প্লাস্টিক অপসারণ করেন। পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ময়মনসিংহ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
