
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে ব্যতিক্রমী ভাসমান ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা এবং পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রাজিব হোসাইন সাদ্দাম।
খেলায় অংশগ্রহণ করে বাক্তা ইউনিয়ন ও পুটিজানা ইউনিয়নের দুটি দল। খেলা ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
দর্শকদের বিনোদনের জন্য আয়োজন করা হয় বালিশ খেলা, হাঁস ধরা প্রতিযোগিতা এবং আকর্ষণীয় লটারি। এসব আয়োজন দর্শকদের মধ্যে বাড়তি আনন্দের সৃষ্টি করে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ সময় পুটিজানা ও বাক্তা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ক্রীড়াপ্রেমী এবং স্থানীয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলামুখী করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।