
নিজস্ব প্রতিনিধি,(ময়মনসিংহ):
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাক্তা ইউনিয়নের তালতলা বাজারে বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৬ ইং তারিখে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ফুলবাড়ীয়া থানার প্রতিনিধিদল এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন বলেন, মাদক, জুয়া ও অনলাইন জুয়া বর্তমানে সমাজের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এ অপসংস্কৃতির সবচেয়ে বড় শিকার। একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনে এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, মাদক মানুষের বিবেক, স্বাস্থ্য ও কর্মক্ষমতা ধ্বংস করে এবং একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবন নয়, পরিবার ও সমাজকেও বিপদের মুখে ঠেলে দেয়। অন্যদিকে অনলাইন জুয়া দ্রুত অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে মানুষকে সর্বস্বান্ত করছে। এর ফলে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় এবং বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা আরও বলেন, মাদক ও জুয়ার বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের চর্চায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে।
সমাবেশে উপস্থিত সবাই মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং এসব অপকর্ম প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।