MBN24: ময়মনসিংহ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, শিশু শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই দুর্যোগ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। কোথাও আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে সেখান থেকে বের হয়ে জীবন রক্ষা করতে হবে, সে বিষয়ে তাদের জানানো প্রয়োজন।
তিনি আরও বলেন, ভূমিকম্পের সময় কোথায় আশ্রয় নিতে হবে, কী করা উচিত এবং কী করা উচিত নয়—এসব বিষয়ও শিশুদের শেখানো জরুরি। পাশাপাশি অতিবৃষ্টি, বন্যা বা বর্ষা মৌসুমে কীভাবে সতর্ক থাকতে হবে এবং কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সে বিষয়েও শিশুদের ধারণা দিতে হবে। কারণ দুর্যোগ মোকাবিলার শিক্ষা ছোটবেলা থেকেই শুরু হওয়া উচিত।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে করণীয় সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সদস্যরা অংশ নিয়ে দুর্যোগের সময় উদ্ধার তৎপরতা ও করণীয় বিষয়গুলো প্রদর্শন করেন।
এ সময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।