MBN24 :
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভা আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ট্রাস্টের নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এসময় মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সার্কিট হাউজ রোডস্থ ট্রাস্টের কার্যালয়ে পৌঁছালে ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ ফুল দিয়ে তাঁদের স্বাগত জানান। সভায় ট্রাস্টের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রবীণ সাংবাদিকদের সম্মাননা প্রদান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়ন, একটি বড় হাসপাতালের সঙ্গে চুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের জন্য ফেলোশিপ কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।এ সময় মন্ত্রী তাঁর পক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে মনোনীত করেন। সভা শেষে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
