ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মজর আলী দাখিল মাদরাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। মাদরাসাটির মোট ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন পরীক্ষায় উপস্থিত থাকলেও তাদের কেউ পাস করতে পারেনি। অপর দুই পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
প্রাপ্ত তথ্যানুযায়ী, মাদরাসাটিতে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ৫ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১১ জন এবং অনুপস্থিত ছিলেন ২ জন। উপস্থিত ১১ জনের মধ্যে উত্তীর্ণের সংখ্যা শূন্য।
মাদরাসাটিতে মোট শিক্ষক রয়েছেন ১৩ জন এবং কর্মচারী রয়েছেন ৩ জন। শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীর সংখ্যার তুলনায় পরীক্ষার ফলাফল নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, একটি শিক্ষা প্রতিষ্ঠানের এমন ফলাফল হতাশাজনক। শিক্ষার্থীদের পাঠদানের মান, নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষকদের দায়িত্বশীলতা, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না—এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।