নিজস্ব সংবাদদাতা :
পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য-পরিচ্ছন্ন ময়মনসিংহ জেলা গড়ার লক্ষ্যে পরিচালিত ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এর অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন সানডে কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নগরীর হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি ও উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলামের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় স্কুল মাঠের চারপাশের আঙ্গিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বর্জ্য যথাস্থানে ফেলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম নিয়ে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু সৌন্দর্য রক্ষার বিষয় নয়; এটি জনস্বাস্থ্য, নিরাপদ জীবনযাপন এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং সবুজায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সদর উপজেলা গড়ে তোলার প্রচেষ্টা আরও গতিশীল করা হবে।
পরে বর্তমান সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে গাছের চারা রোপণ করেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটসের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, তরুণ সমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।