নিজস্ব প্রতিবেদক:
“সুস্থ সংস্কৃতি হোক শক্তির উৎস, আগামীর পথচলা” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চার পরিবেশ গঠন বিষয়ক তরুণ সাংবাদিকদের নিয়মিত সুস্থ সংস্কৃতি ও বিনোদনচর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ২ আগস্ট ২০২৬ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ডরুমে আয়োজিত এ সেমিনারে অতিথি ও আলোচকরা তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা, মানসিক সুস্থতা এবং নৈতিক মূল্যবোধ বিকাশে সুস্থ সংস্কৃতি ও ইতিবাচক বিনোদনচর্চার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন মোঃ জাহিদুল ইসলাম রনি, মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মোঃ আবুল কালাম আজাদ (কালাম আজাদ), সাধারণ সম্পাদক, বগুড়া প্রেসক্লাব।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই তরুণ সাংবাদিকদের দায়িত্বশীল, মানবিক ও সৃজনশীল সাংবাদিক হিসেবে গড়ে তুলতে সুস্থ সংস্কৃতি চর্চা, সাহিত্য, সংগীত, নাটক, খেলাধুলা ও ইতিবাচক বিনোদনের সঙ্গে সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। এসব চর্চা একজন সাংবাদিকের মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং পেশাগত উৎকর্ষ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির। তিনি সুস্থ সংস্কৃতিচর্চার প্রয়োজনীয়তা, তরুণ সাংবাদিকদের মানসিক বিকাশ এবং মূল্যবোধনির্ভর সমাজ বিনির্মাণে সংস্কৃতির ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুল ইসলাম।
সেমিনারে বক্তারা আশা প্রকাশ করেন, তরুণ সাংবাদিকদের নিয়মিত সুস্থ সংস্কৃতি ও বিনোদনচর্চায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা বলেন, সুস্থ সংস্কৃতি ও ইতিবাচক বিনোদনচর্চা শুধু ব্যক্তিগত বিকাশের জন্য নয়, বরং একটি সচেতন, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।