MBN24 : ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি এবং ছয়জন হুইপ সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার সকালে চীফ হুইপের নেতৃত্বে হুইপবৃন্দ স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে চীফ হুইপ স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদনকারী হুইপদের মধ্যে ছিলেন—আলহাজ্ব মোঃ জি কে গউছ, এমপি; রকিবুল ইসলাম, এমপি; মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি; এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি; মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি।
এ সময় চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের আলোকে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক হবে। বিরোধী দল সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশসমূহ সংসদের প্রথম বৈঠকে উপস্থাপন এবং ৩০ দিনের মধ্যে তা পাস করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে জাতীয় সংসদ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।