নিজস্ব সংবাদদাতা :
গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে কিশোরগঞ্জে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, কিশোরগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক, কিশোরগঞ্জ জনাব জেবুন নাহার শাম্মী।
সভায় কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি), জেলা লিগ্যাল অফিসারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম, এর উদ্দেশ্য, সেবা গ্রহণের পদ্ধতি এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গ্রামের মানুষের ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে গ্রাম আদালতের সেবা সম্পর্কে অনেক মানুষ এখনও পর্যাপ্তভাবে অবগত নন। তাই জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে কার্যকর প্রচার-প্রচারণা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
এ সময় সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনজীবী, গণমাধ্যম, বেসরকারি সংস্থা ও অন্যান্য স্থানীয় অংশীজনদের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করা গেলে সাধারণ মানুষ স্থানীয় পর্যায়েই বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবে এবং এতে বিচারপ্রাপ্তির পথ আরও সহজ ও জনবান্ধব হবে।