নিজস্ব প্রতিবেদক:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক হিসেবে বিশিষ্ট কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮ অনুযায়ী ফারুক ওয়াসিফকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
ফারুক ওয়াসিফ একজন বিশিষ্ট কবি ও সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও সাহিত্য অঙ্গনে কাজ করে আসছেন। তাঁর পুনর্নিয়োগে সাংবাদিকদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দেশের গণমাধ্যমের বিকাশে পিআইবির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এদিকে ফারুক ওয়াসিফকে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ দেওয়ায় বাংলাদেশ প্রেসক্লাব, ফুলবাড়ীয়া উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
