ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা নির্বাচন কমিশন অফিসে কোনো ধরনের হয়রানি ছাড়াই নাগরিকদের বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোটার নিবন্ধন, তথ্য সংশোধনসহ নির্বাচন কমিশনের বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকদের দ্রুততার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তারা।
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, “কোনো প্রকার হয়রানি ছাড়া আমরা নাগরিকদের সেবা দিয়ে আসছি। সেবা নিতে আসা প্রত্যেক নাগরিককে নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে।”
অন্যদিকে, সহকারী উপজেলা নির্বাচন অফিসার জগন্নাথ বলেন, নতুন ভোটার নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে জন্ম নিবন্ধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। ইউনিয়ন পরিষদ থেকে যেন একই ব্যক্তির নামে একাধিক জন্ম নিবন্ধন প্রদান না করা হয়, সে বিষয়ে সতর্কতা প্রয়োজন।
তিনি বলেন, “জন্ম নিবন্ধনের ক্ষেত্রে যদি একই ব্যক্তির একাধিক নিবন্ধন না থাকে, তাহলে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম আরও স্বচ্ছ ও নির্ভুল হবে।”
নির্বাচন কমিশন অফিসে নাগরিকদের সেবা গ্রহণের ক্ষেত্রে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা। একই সঙ্গে নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।