নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে দুই দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাস্টের বোর্ড সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের সেমিনারের মূল বিষয় ছিল “সুস্থ সংস্কৃতি, বিনোদন চর্চা ও জাতীয় ভাবধারাভিত্তিক গণতান্ত্রিক সাংস্কৃতিক বিকাশ”।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। তিনি বলেন, সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষায়ও সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির। তিনি তাঁর প্রবন্ধে সুস্থ বিনোদন, সাংস্কৃতিক চর্চা, জাতীয় ভাবধারার বিকাশ এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম।
এ সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা, সুস্থ সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশ এবং দায়িত্বশীল গণমাধ্যম গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।