মোংলা প্রতিনিধি, MBN24 :
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং মানুষ-বাঘ সংঘাত হ্রাসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও বাঘবন্ধুদের উদ্যোগে এক গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব, রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষার প্রয়োজনীয়তা এবং বনসম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার অন্যতম ভরসা।
সভায় আরও বলা হয়, বাঘ মানুষের শত্রু নয় বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং বনাঞ্চলে নিরাপদ আচরণ নিশ্চিত করার মাধ্যমে মানুষ-বাঘ সংঘাত কমানো সম্ভব।
এ সময় ফরেস্ট প্রশাসন ভিটিআরটি,বাঘবন্ধু, স্থানীয় জনপ্রতিনিধি, বননির্ভর জনগোষ্ঠী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন অংশগ্রহণকারীরা সুন্দরবন রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।