
MBN24 :
আজ ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অব আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামান মহোদয়।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি এবং ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান।
মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষার পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া পদক্ষেপসমূহের ওপর বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান। সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানানো হয়।