
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
শারদীয় দূর্গাৎসব-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহীদুল ইসলাম সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাজওয়ার তাকী, ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল ফজল, উপজেলা বিএনপির নেতা এ এস এম পারভেজ রনি সরকার, সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি বাবু সঞ্জীব রতন দে, মন্দির কমিটির সহ-সভাপতি গোপাল কুমার ত্রিপাঠী, বাবুল সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপ ও আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম সোহাগ বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলের সহযোগিতায় দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়রা। তাদের মতে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারি থাকায় পূজার সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।


