নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচনা করে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা এবং আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা অপসারণে উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার জোরদারেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিক নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলে এবং কোথাও পানি জমতে না দিলে এডিস মশার প্রজনন অনেকাংশে কমানো সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে আসন্ন তিন মাসের কর্মসূচিতে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: বাসস