নিজস্ব সংবাদদাতা :
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জুলাই শহিদদের নামে রাস্তার নামকরণ এবং প্রতিষ্ঠান তৈরি করা হবে। জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে। বিএনপি আজীবন জুলাই শহীদদের পাশে থাকবে এবং তাদের পরিবারের পাশে থাকবে। তাদের পরিবারকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। এসব পরিকল্পনা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। বুধবার (০৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহিদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সার্বিক সহযোগিতায় সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনসহ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর দেশের জনগণকে সাথে নিয়ে আজকের যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে আমরা সেই সুফল পেয়েছি। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আমরা তাদের পাশে আছি এবং আজীবন পাশে থাকবো।এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।